Favicon

দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

প্রতিবেদক: ST Report জুন ৯, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি : বাসস
দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলার পেপার বুক সম্পন্নের আশা।

আগামী দুই কর্মদিবসের মধ্যে শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টের পেপার বুক তৈরির কাজটি সম্পন্ন হবে বলে আসা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের (ডেথ রেফারেন্স) মৃত্যুদণ্ড অনুমোদনের নথি মঙ্গলবার বিকেলে হাইকোর্টে আশার পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের আজ এ কথা বলেন। এখানে উল্লেখ যে, হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানি আগে পেপার বুক তৈরি করতে হয়।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আশা করছি, আগামী দুই কর্মদিবসের মধ্যে হয়তো এই মামলায় হাইকোর্টে পেপার বুক তৈরির কাজটি সম্পন্ন হবে। পেপার বুক হয়ে গেলে প্রধান বিচারপতি আগামী রোববার থেকে যে বিশেষ বেঞ্চের কথা বলেছেন সে বেঞ্চেই আমরা রামিসার মামলাটি শুনানির জন্যে উদ্যোগ গ্রহণ করবো এবং হয়তো আমরা এই মামলাটি শুনানির জন্যে তালিকায় আনতে পারবো।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, মানুষের প্রত্যাশা যত দ্রুত সম্ভব এই রায়টি বাস্তবায়ন হোক। আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট কথা যে আমরা এই মামলার শুনানিতে কোনদিন বিলম্ব ঘটাবো না। আমরা একদিনের জন্যও শুনানি মুলতবি চাইবো না। আর আমরা আগেই জানিয়েছি যে জেনারেল অফিসের পক্ষ থেকে এই মামলাটি শুনানির জন্য আইনজীবী নির্দিষ্ট করেছি। আমরা প্রত্যাশা করি, যত দ্রুত সম্ভব আপিলটি নিষ্পত্তির মাধ্যমে এই মামলার রায় কার্যকরের দিকে এগিয়ে যাবে।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গত ৭ জুন মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খন্ডিত লাশ উদ্ধার করা হয়। তার আগেই ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে সেই বাসা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার।

গত ১ জুন সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর চার্জগঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে গত ৪ জুন রায় ঘোষণার জন্য ৭ জুন দিন ধার্য করেন আদালত।