Favicon

গুমের শিকার সাতশোর বেশি মানুষের স্বজনেরা আজও তাদের ফেরার প্রতীক্ষায়: আইনমন্ত্রী

Reported By: ST Reporter August 5, 2026, 11:22 pm Category: National
গুমের শিকার সাতশোর বেশি মানুষের স্বজনেরা আজও তাদের ফেরার প্রতীক্ষায়: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বুধবার জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত আবৃত্তি উৎসবে কথা বলেন। ছবি: বাসস
আইনমন্ত্রীর দাবি, গুমের স্বজনরা এখনও অপেক্ষায়

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত সরকারের সময়ে গুমের শিকার হওয়া ৭০০-এর বেশি মানুষের স্বজনেরা আজও তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ফিরে আসার প্রতীক্ষায় রয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আবৃত্তি উৎসবে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৬ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও রাজনৈতিক হয়রানির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়।

আইনমন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি জানতে পারেন, দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে আবৃত্তির কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। তাই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নাচ ও গানের মতো বাংলাদেশের শিল্প-সংস্কৃতির একটি স্বীকৃত শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে ক্রসফায়ারের নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে।

আবৃত্তি ফেডারেশন নিয়ে মন্ত্রী বলেন, আবৃত্তি ফেডারেশন যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তা হলো একটি নির্মল, গণতান্ত্রিক, বৈষম্যহীন, সুন্দর মনের মানুষের এবং রক্তপাতহীন সমাজ গড়ে তোলা, যে সমাজ গড়ার স্বপ্ন আমরা আজন্ম লালন করি।

এছাড়াও, অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।