আইপিআর কাঠামো শক্তিশালী করার আহ্বান অ্যামচ্যামের
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) বুধবার রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় “Advancing the IPR Framework: The Way Forward” শীর্ষক এক ব্রেকফাস্ট মিটিংয়ের আয়োজন করে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের পাশাপাশি জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশে মেধাস্বত্ব অধিকার (আইপিআর) সুরক্ষার গুরুত্ব নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
অ্যামচ্যামের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির জন্য শক্তিশালী আইপিআর প্রয়োগ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, নিরাপদ আইপিআর কাঠামো সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক আমদানিকারক ও উদ্ভাবকদের বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহে আস্থা জোগাবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইউএস এম্বাসি নয়াদিল্লির সিনিয়র কমার্শিয়াল স্পেশালিস্ট অ্যান্ড আইপি পলিসি অ্যাডভাইজর-সাউথ এশিয়া শিল্পী ঝা। তিনি বলেন, নতুন সরকারের জন্য বাংলাদেশের আইপি কাঠামো শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে সহায়তা করার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি আইপিআর প্রয়োগ সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট ও ভৌগোলিক নির্দেশক (জিআই) বিষয়ে স্পষ্ট ধারণা দিতে বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।
বক্তব্যের পর অংশগ্রহণকারীরা মেধাস্বত্ব সুরক্ষার বিভিন্ন কার্যকরী দিক নিয়ে নিজেদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। আলোচনায় কার্যকর আইপিআর সুরক্ষায় বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে আমদানি ব্যবস্থাপনা ও নীতিগত কাঠামোর উন্নয়নের ক্ষেত্রে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অবস্থান সুদৃঢ় করতে শক্তিশালী আইপিআর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠানে অ্যামচ্যামের কার্যনির্বাহী কমিটির সদস্য আল-মামুন এম রাসেল (কোষাধ্যক্ষ) ও মির্জা সজিব রায়হান, ইউএস এম্বাসির কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্টসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, অ্যামচ্যামের সদস্য, শিল্পখাতের স্টেকহোল্ডার এবং অ্যামচ্যামের নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ উপস্থিত ছিলেন।