Favicon

‘মোস্ট সাস্টেইনেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ পুরস্কার পেল ইডটকো

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
‘মোস্ট সাস্টেইনেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ পুরস্কার পেল ইডটকো
Photo: Courtesy
পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং ডিজিটালভাবে সংযুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেল প্রতিষ্ঠানটি

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ 'মোস্ট সাস্টেইনেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার' এর স্বীকৃতি পেল দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ। টানা দ্বিতীয় বছর এই স্বীকৃতি অর্জন করল প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বাংলাদেশে টেকসই ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় প্রতিষ্ঠানটির নেতৃত্বস্থানীয় অবস্থান প্রতিফলিত হল।

এই পুরস্কার পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং ডিজিটালভাবে সংযুক্ত ভবিষ্যতের দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির অবিচল প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে। অবকাঠামো ভাগাভাগি ও নবায়নযোগ্য শক্তির সংযোজন থেকে শুরু করে জ্বালানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি, সম্পদের পুনর্ব্যবহার সংক্রান্ত ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীলতা এবং মানুষের ক্ষমতায়ন পর্যন্ত ব্যবসার প্রতিটি ধাপে স্থায়িত্বের বিষয়টি মাথায় রেখে ইডটকো বাংলাদেশ টেকসই ডিজিটাল অবকাঠামো তৈরিতে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, "এই স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত, এটি  দায়িত্বশীল ব্যবসার প্রতি ইডটকোর দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি টেকসই উন্নয়ন কোনো ভিন্ন উদ্যোগ নয়; বরং আমাদের নির্মাণ, কার্যক্রম পরিচালনা এবং প্রবৃদ্ধির প্রক্রিয়ায় এটি একটি অবিচ্ছেদ্য ও মৌলিক বিষয়। আমাদের কর্মপরিকল্পনায় ব্যবসায় দায়িত্বশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী করছি, জাতীয় সহনশীলতা তৈরি করছি এবং আমাদের জনগোষ্ঠী, পরিবেশ ও দেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করছি।“

বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী হিসেবে, ইডটকো বাংলাদেশ 'টাওয়ার টু পাওয়ার', 'ডিজিটাল লার্নিং', 'রেঞ্জার্স ভলান্টিয়ার প্রোগ্রাম' এবং সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মতো উদ্যোগের মাধ্যমে কার্যক্রমের উৎকর্ষতা ছাপিয়ে সমাজের জন্যও কাজ করছে। এসব উদ্যোগের ফলে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষ ইতিবাচকভাবে উপকৃত হয়েছেন; পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন এজেন্ডা ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) অর্জনেও অবদান রাখছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে অসামান্য নেতৃত্ব ও উল্লেখযোগ্য প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ‘সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ’ ও ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম’ আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ এই পুরস্কার প্রদান করা হয়।