হোটেল সারিনা ঢাকার জেনারেল ম্যানেজার হিসেবে প্যাট্রিক বেকের নিয়োগ
ঢাকা, বাংলাদেশ: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আতিথেয়তা প্রতিষ্ঠান হোটেল সারিনা ঢাকা আন্তর্জাতিক হসপিটালিটি খাতের অভিজ্ঞ ফরাসি পেশাজীবী প্যাট্রিক বেককে নতুন জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে।
তিন দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক হসপিটালিটি অভিজ্ঞতা নিয়ে বেক নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন বিলাসবহুল হোটেল ও রিসোর্টে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বেক তাঁর পেশাগত ক্যারিয়ার শুরু করেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফোর সিজনস হোটেলে হোটেল ম্যানেজার হিসেবে। গত ১৮ বছরে তিনি নয়টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কুরাসাওয়ের TUI BLUE Beach Resort & Spa, জাঞ্জিবারের Sea Cliff Resort & Spa, Hotel Ciputra World Surabaya, বালির Discovery Kartika Plaza Hotel এবং ৬৯৫ কক্ষের Hotel Borobudur Jakarta।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্সি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিদলের আতিথেয়তার জন্য Hotel Borobudur Jakarta নিয়মিতভাবে নির্বাচিত হয়ে আসছে। সর্বশেষ কুরাসাওয়ের ৪০০ কক্ষের সমুদ্রসৈকতসংলগ্ন TUI BLUE রিসোর্টের প্রি-ওপেনিং কার্যক্রমে নেতৃত্ব দেন বেক। এর মাধ্যমে বৃহৎ পরিসরের হোটেল প্রকল্প পরিচালনা ও উদ্বোধনের ক্ষেত্রেও তাঁর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে।
বেকের ক্যারিয়ারের অন্যতম বিশেষ দিক হলো, তাঁর হসপিটালিটি যাত্রা ফ্রন্ট অফিস দিয়ে নয়, কিচেন থেকে শুরু হয়। আমেরিকান কুলিনারি ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফায়েড এক্সিকিউটিভ শেফ হিসেবে তিনি পরবর্তীতে ফ্রান্সে Lenôtre (Accor Group)-এর ফুড প্রোডাকশন ও অপারেশনস পরিচালনা করেন।
Lenôtre-এ তিনি রেস্তোরাঁ, ব্যাঙ্কুয়েট ও আন্তর্জাতিক ইভেন্ট মিলিয়ে প্রতিদিন ৬,০০০-এর বেশি খাবার প্রস্তুত ও পরিবেশন কার্যক্রম তত্ত্বাবধান করেন। একই সঙ্গে ৪৮৫ জন শেফের একটি বড় দলের নেতৃত্ব দেন, যার মধ্যে ফ্রান্সের সর্বোচ্চ কুলিনারি সম্মান Meilleur Ouvrier de France অর্জনকারী ১১ জন শেফও ছিলেন। পরবর্তীতে তিনি Lenôtre-এর মিশর ফ্র্যাঞ্চাইজির ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন।
ISO 9001 ও HACCP ফুড সেফটি সার্টিফিকেশনসহ জাঞ্জিবার ও বালির রিসোর্টগুলোতে ওয়েডিং ও ব্যাঙ্কুয়েট ব্যবসা সম্প্রসারণে তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। ফুড অ্যান্ড বেভারেজ অপারেশনে এই বাস্তব অভিজ্ঞতা হোটেল সারিনা ঢাকার পাঁচটি F&B আউটলেট—Summerfields, Amrit, Risotto, Street 17 Café এবং Elite Club—এর কার্যক্রমের সঙ্গে বিশেষভাবে সামঞ্জস্যপূর্ণ।
ঢাকার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক হসপিটালিটি বাজারে বেকের এই বহুমাত্রিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ডের সম্প্রসারণ, কর্পোরেট ও কূটনৈতিক ভ্রমণ এবং MICE (Meetings, Incentives, Conferences and Exhibitions) সেগমেন্টের বিকাশের ফলে রাজধানীর হোটেল ব্যবসায় ডাইনিং ও ব্যাঙ্কুয়েট সেবার গুরুত্বও বাড়ছে।
বিশেষ করে বিয়ের অনুষ্ঠান, উৎসবভিত্তিক বুফে ও কর্পোরেট ইভেন্টের ক্ষেত্রে খাবারের মান, সেবা এবং অতিথি অভিজ্ঞতা এখন হোটেলগুলোর ব্যবসায়িক সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান। ফলে আন্তর্জাতিক অপারেশনাল দক্ষতার পাশাপাশি ফুড অ্যান্ড বেভারেজ ও ব্যাঙ্কুয়েট ব্যবস্থাপনায় বেকের প্রত্যক্ষ অভিজ্ঞতা হোটেল সারিনা ঢাকার ব্যবসায়িক প্রবৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে Franklin Covey Leadership Certification অর্জনের পাশাপাশি বেক ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণও সম্পন্ন করেছেন। তিনি ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় দক্ষ।
হোটেল সারিনা ঢাকা আশা করছে, বেকের আন্তর্জাতিক নেতৃত্বের অভিজ্ঞতা এবং ফুড অ্যান্ড বেভারেজ পরিচালনায় দক্ষতা হোটেলের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে, অতিথি সেবার মান উন্নত করবে এবং ডাইনিং ও ইভেন্ট ব্যবসার প্রবৃদ্ধিতে অবদান রাখবে।
হোটেল সারিনা ঢাকার পক্ষ থেকে তাঁর নিয়োগকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, বেকের নেতৃত্বে কুলিনারি উৎকর্ষ, উন্নত অতিথি অভিজ্ঞতা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির দিকে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।