Favicon

জাকার্তায় অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএসের ১৪ সদস্যের প্রতিনিধি দল

প্রতিবেদক: ST Report অক্টোবর ৫, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
জাকার্তায় অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএসের ১৪ সদস্যের প্রতিনিধি দল
Photo: Courtesy
জাকার্তায় অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএসের ১৪ সদস্যের প্রতিনিধি দল

ঢাকা, ৫ অক্টোবর: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আজ সোমবার শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর আন্তর্জাতিক ফেডারেশন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) এ সম্মেলনের আয়োজন করেছে।

স্বাগতিক সংগঠন ইন্দোনেশিয়ান আইসিটি বিজনেস অ্যাসোসিয়েশন (এপটিকনাস)। জাকার্তার সুইসোটেল জাকার্তা পিআইকে অ্যাভিনিউয়ে ৭ অক্টোবর পর্যন্ত সম্মেলনটি চলবে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘নিরাপদ, সহনশীল ও আন্তঃসংযুক্ত ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ’।

সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে আছেন বিসিএসের সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসাইন এবং অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও বিসিএসের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ এইচ কাফিসহ অন্যরা।

সম্মেলনের প্রথম দিন আজ অ্যাসোসিও বোর্ড সভা, সাধারণ সভা ও স্বাগত নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অ্যাসোসিওর সদস্য অর্থনীতিগুলোর প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রযুক্তি উদ্যোক্তা, আন্তর্জাতিক অতিথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব আয়োজনে অংশ নেবেন।

অ্যাসোসিওর বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম অংশ নেবেন।

আগামীকাল মঙ্গলবার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। একই দিন শুরু হবে ডিজিটাল ও এআই প্রদর্শনীর প্রথম পর্ব। দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল কৌশল, ডিজিটাল অর্থায়ন, ডিজিটাল পরিচয়, আন্তসীমান্ত আস্থা, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো নিয়ে আলোচনা হবে।

এদিন ‘বোর্ডরুম ডিজিটাল স্ট্র্যাটেজি: হোয়্যার সিইওস অ্যান্ড সিআইওস শুড প্লেস দেয়ার বেটস’, ‘ডিজিটাল ফাইন্যান্স, আইডেন্টিটি অ্যান্ড ক্রস-বর্ডার ট্রাস্ট’ এবং ‘ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্লাউড সার্বভৌমত্ব’ শীর্ষক অধিবেশন রয়েছে। এ ছাড়া ‘ডিজিটাল ট্রান্সফরমেশন থেকে ট্রাস্টেড এআই’ বিষয়ে বিশেষ আলোচনা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া হবে ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ডস ২০২৬’ ও ‘অ্যাসোসিও ডিজিটাল এআই অ্যাওয়ার্ডস ২০২৬’। এরপর থাকবে সেলিব্রেশন ডিনার, নেটওয়ার্কিং ও মিডিয়া ইন্টারঅ্যাকশন।

সম্মেলনের শেষ দিন ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘অ্যাসোসিও এআই সামিট’। এতে এআই গবেষণা, দক্ষতা উন্নয়ন, দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই গভর্ন্যান্স ও ভবিষ্যৎ অর্থনীতিতে এআইয়ের ভূমিকা নিয়ে আলোচনা হবে।

এদিন ‘ফ্রম ফাউন্ডেশন মডেলস টু এআই নেশনস’ এবং ‘ফ্রম এআই এক্সপেরিমেন্টস টু এআই ফ্যাক্টরিজ’ শীর্ষক অধিবেশনও অনুষ্ঠিত হবে। পাশাপাশি এশিয়া-ওশেনিয়া অঞ্চলে এআই ইকোসিস্টেম গড়ে তোলা, জাতীয় কৌশল থেকে আঞ্চলিক সহযোগিতা, সাইবার নিরাপত্তা, দক্ষ জনবল বিনিময় এবং সীমান্তপারের স্টার্টআপ ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তিন দিনের সম্মেলনে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি অর্থনীতির আইসিটি সংগঠনের প্রতিনিধি ছাড়াও নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ, শিল্প খাতের প্রতিনিধি, উদ্যোক্তা ও উদ্ভাবকেরা অংশ নিচ্ছেন।

আয়োজকেরা বলছেন, সম্মেলনের মাধ্যমে ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি উদ্ভাবন, সাইবার নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের প্রযুক্তি খাতের অংশীজনদের মধ্যে নতুন সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হতে পারে।