ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির
ঢাকা, ১০ নভেম্বর ২০২৬: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির।
মঙ্গলবার ডিএসইর ১১২৭তম পরিচালনা পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন।
ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভের মাধ্যমে সামরিক কর্মজীবন শুরু করেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সামরিক পরিচালনা ও সাংগঠনিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেনাসদরেও তিনি পরিচালক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন।
রংপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী হুমায়ুন কবির ১৯৯২ সালের এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ষষ্ঠ এবং ১৯৯৪ সালের এইচএসসি পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করেন।
উচ্চশিক্ষার ক্ষেত্রে তাঁর রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ডিগ্রি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন তিনি। এ ছাড়া যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কৌশলগত ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন।
সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আর্মি স্টাফ কোর্স, যুক্তরাজ্যের ডিফেন্স একাডেমির জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং ভারতের নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন।
এ ছাড়া ২০২১ সালে কানাডার অটোয়ায় ন্যাশনাল ডিফেন্স হেডকোয়ার্টার্সের অধীন ডিপার্টমেন্ট অব মিলিটারি ট্রেনিং অ্যান্ড কো-অপারেশন পরিচালিত সিনিয়র অফিসার্স সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রামে অংশ নেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অ্যাডভান্সড প্রফেশনাল ম্যানেজমেন্ট স্টাডিজও সম্পন্ন করেন।
কর্মজীবনে জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে দুটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি। নেতৃত্ব, অপারেশনাল দক্ষতা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের বিভিন্ন সামরিক সম্মাননাও পেয়েছেন।
ডিএসইর পরিচালনা পর্ষদে তাঁর অন্তর্ভুক্তির ফলে প্রতিষ্ঠানের সুশাসন, নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক তদারকি এবং আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বৃদ্ধি এবং অংশীজনদের আস্থা জোরদারে তাঁর অভিজ্ঞতা ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে ডিএসই।