মো. নূরুল ইসলাম: হৃদরোগ সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে হার্ট ফাউন্ডেশন একটি অনন্য প্রতিষ্ঠান। গণমানুষের কাছে হৃদরোগ বিষয়ে সচেতনতা পৌঁছে দিতে হার্ট ফাউন্ডেশন যেভাবে কাজ করেছে, অন্য কোনো প্রতিষ্ঠান সেভাবে পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত হার্ট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায়। তাই হৃদযন্ত্রকে সুস্থ রাখতে আমাদেরকে সচেতন থাকতে হবে।
আজ রোববার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ‘একসাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতক জয় করি’Ñ প্রতিপাদ্যে আয়োজিত গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘স্বাস্থ্যকর জীবনযাপন হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হৃদরোগে মারা যায়। এটি বর্তমানে বিশ্বের অন্যতম ঘাতক ব্যাধি।
মো. নূরুল ইসলাম বলেন, একজন সুস্থ মানুষ হেঁটে যাচ্ছেন, মুহূর্তের মধ্যেই তার হার্ট অ্যাটাক হতে পারে। মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো হার্ট, যা মানুষের নিয়ন্ত্রণে নয়, মহান আল্লাহর নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
তিনি আরও বলেন, ‘এই হাসপাতালের জন্মের সঙ্গে আমার একটি সম্পর্ক রয়েছে। শুরুতে এখানে কোনো ভবন ছিল না, ঘাসের ওপর বসে চিকিৎসাসেবা দেওয়া হতো।’
স্বাস্থ্য সচেতনতার বিষয়ে চিফ হুইপ বলেন, বেছে বেছে খাবার খাওয়া খুব জরুরি। তেল ও লবণ কম খাওয়া উচিত। পাশাপাশি প্রত্যেক মানুষের নিয়মিত কিছু না কিছু ব্যায়াম করা প্রয়োজন।
বর্তমানে দেশে অতিরিক্ত পেস্টিসাইড, রাসায়নিক সার ও হাইব্রিড খাদ্যের ব্যবহারের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে উল্লেখ করে করে তিনি বলেন, এখন ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যেও গুরুতর কিডনি সমস্যার প্রবণতা দেখা যাচ্ছে।
খাদ্যে ভেজাল প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, মাছ, মুরগির মাংস ও শাকসবজিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী জেনেশুনে নি¤œমানের ও ক্ষতিকর খাদ্যপণ্য তৈরি করছেন, যা তারা নিজেদের সন্তানদেরকেও খাওয়ান না।
হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ হলো উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে জনগণ ও চিকিৎসকদের মধ্যে তথ্য ছড়িয়ে দিতে ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব হাইপারটেনশনের উদ্যোগে প্রতি বছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।