Favicon

বেড়ায় মাদকবিরোধী অভিযানে ‘ইয়াবা সম্রাট’ কারাগারে

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ণ বিভাগ: জাতীয়
বেড়ায় মাদকবিরোধী অভিযানে ‘ইয়াবা সম্রাট’ কারাগারে
Photo: Collected
বেড়ায় মাদকবিরোধী অভিযানে ‘ইয়াবা সম্রাট’ কারাগারে

পাবনার বেড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ি মো. হাসান বেপারীকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করে।

বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) লাবীব আব্দুল্লাহর তত্ত্বাবধানে এবং বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকারের নেতৃত্বে মালদহপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই আব্দুল্লাহ আল আমিন, এসআই নাসির উদ্দিনসহ পুলিশের একটি দল অংশ নেয়।

এ সময় মালদহপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান বেপারীকে তিনটি ইয়াবা ট্যাবলেটসহ মাদক সবেন করার সময় আটক করে।

ঘটনাস্থলেই বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(১)(১৬) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, হাসান বেপারী এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে।

অভিযান প্রসঙ্গে ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, “সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সারা দেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বেড়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।”

এদিকে পুলিশের এমন কঠোর অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।