পাবনার বেড়ায় পবিত্র ঈদ-উল-আযহা ও আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা
পাবনার বেড়া উপজেলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত কবির এবং বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নিতাই চন্দ্র সরকার।
সভায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, পশুর হাটের শৃঙ্খলা রক্ষা, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে যানজট নিরসন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।