ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ে চার পরিবহনকে জরিমানা।
জেলার ঝিনাইগাতী উপজেলায় ঈদ পরবর্তী ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে আজ চারটি পরিবহনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে ঝিনাইগাতী উপজেলার পাগলার মুখ, তেঁতুলতলা, জোলগাঁও এবং কালিবাড়ি বাজার এলাকার বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগে বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অনিয়মের সত্যতা পাওয়ায় চারটি পরিবহনকে মোট তিনহাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।