Favicon

যশোরে নবচেতনার গ্রীন স্কুল ক্যাম্পেইন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক জুলাই ১, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
যশোরে নবচেতনার গ্রীন স্কুল ক্যাম্পেইন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
Photo : Courtesy
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যশোরে দুই মাসব্যাপী ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ (এনএএফসি)

কর্মসূচির অংশ হিসেবে বুধবার যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বনায়নের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা তুষার চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শরিফুল আনাম আজাদ, নবচেতনার সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির, প্রধান সমন্বয়কারী মিলন শেখসহ সংগঠনের সবুজপ্রেমী স্বেচ্ছাসেবকেরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে হলে পরিবেশবান্ধব উদ্যোগের সূচনা স্কুল পর্যায় থেকেই করতে হবে। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ জানায়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন শুরু হওয়া ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণে উৎসাহ প্রদান এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা হবে।