Favicon

এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি করার সুবিধা দিতে কাজ করছে সরকার : গণপূর্ত মন্ত্রী

প্রতিবেদক: ST Report জুন ১০, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি করার সুবিধা দিতে কাজ করছে সরকার : গণপূর্ত মন্ত্রী
ছবি : পিআইডি
গণপূর্ত মন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত আবাসন সুবিধা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়িঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে।

মন্ত্রী আজ বুধবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন করে এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় বলেন, অনেক বছর ধরে ঝিলমিল প্রকল্পে আশানুরূপ অগ্রগতি নেই। এর অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি সেন্টার নির্মাণের কাজ চলমান আছে। প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজউকের ঝিলমিল প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ চলমান আছে। স্থানীয় থানার পাঁচটি টহল টিম দায়িত্ব পালন করছে।

এ সময় মন্ত্রী ঝিলমিল প্রকল্পে নির্মাণাধীন স্কুল, হাসপাতাল, থানা ভবন এলাকা ঘুরে দেখেন। প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান এই প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন রাজউক-এর শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, এরাদুল হক, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, চিফ টাউন প্ল্যানার মো. আশরাফুল ইসলামসহ রাজউকের কর্মকর্তাবৃন্দ ও প্লট বরাদ্দ প্রাপ্ত ব্যক্তিবর্গ।