ঠাকুরগাঁওয়ে ওরাঁওদের ঐতিহ্যবাহী কারাম পূজা অনুষ্ঠিত।
সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভালো ফসলের প্রত্যাশায় ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ‘কারাম পূজা ও সামাজিক উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
ঢাক-ঢোল, মাদল, করতাল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে নাচ-গান, পূজা-অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পরিণত হয় সম্প্রীতির মিলনমেলায়।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা ওরাঁও পাড়ায় জাঁকজমকপূর্ণভাবে এ উৎসব অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান চলছে। আগামী ১৯ সেপ্টেম্বর সকালে কারাম বৃক্ষের ডাল নদীতে বিসর্জনের মধ্য দিয়ে এবারের উৎসবের সমাপ্তি হয়।
কারাম একটি গাছের নাম। ওরাঁও সম্প্রদায়ের মানুষের কাছে এই গাছ পবিত্র ও মঙ্গলের প্রতীক। বংশপরম্পরায় যুগ যুগ ধরে বাংলা আশ্বিন মাসের শুরুতে এ উৎসব পালন করে আসছেন তারা।
উৎসব উপলক্ষে ওরাঁও সম্প্রদায়ের নারী-পুরুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করেন। পরে নেচে-গেয়ে কারাম গাছের ডাল সংগ্রহ করে তা পূজার বেদিতে স্থাপন করা হয়। এরপর পূজা-অর্চনা, নাচ, গান ও গল্প বলার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আয়োজন।
উৎসবে রঙিন পোশাকে নারী-পুরুষ সারিবদ্ধভাবে নৃত্য পরিবেশন করেন। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন। ঢাক-ঢোল ও মাদলের তালে তালে নাচ-গানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ওরাঁও সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু-মুসলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উৎসবে অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।
ওরাঁও সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, কারাম পূজার মাধ্যমে বিপদ-আপদ, অতিবন্যা ও খরা থেকে মুক্তি, ভালো ফসল এবং পরিবার ও সমাজের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। উৎসবকে ঘিরে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল ও অর্থ সংগ্রহ করে আত্মীয়-স্বজন ও আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নেরও আয়োজন করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী বলেন, প্রতি বছর ওরাঁও সম্প্রদায়ের মানুষ তাদের প্রাচীন ঐতিহ্য ও বিশ্বাস অনুযায়ী কারাম উৎসব পালন করেন। কারাম বৃক্ষকে তারা রক্ষাকবচ ও মঙ্গলের প্রতীক হিসেবে মনে করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানেরও একটি সুন্দর উদাহরণ।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে ইলাহী মুকুট চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কারাম পূজা ও সামাজিক উৎসব ওরাঁও সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে উৎসবটি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করছে।
তিন দিনব্যাপী এ উৎসবকে ঘিরে পাঁচপীরডাঙ্গাসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নাচ-গান, ধর্মীয় আচার ও সামাজিক মিলনমেলার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন করছেন ওরাঁও সম্প্রদায়ের মানুষ।