Favicon

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

প্রতিবেদক: ST Reporter এপ্রিল ২৫, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। ছবি : বাসস
নওগাঁর বদলগাছীতে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবন প্রদর্শন অনুষ্ঠিত

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্যে নওগাঁর বদলগাছীতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। 

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। 

প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম। 

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় তাদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করছেন। ১৩টি স্টলে সাজানো হয়েছে নানা উদ্ভাবন। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে তৈরি বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের আকর্ষণ করছে।

বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবু হুরাইরা লোডশেডিং মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ী একটি সেন্সরভিত্তিক যন্ত্র প্রদর্শন করেন। তিনি বলেন, ‘বর্তমান সময়ে আমাদের উদ্ভাবিত যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ অপচয় রোধ করবে। সরকারি সহযোগিতা পেলে এটি বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফাতেমা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি প্ল্যান্টের মডেল উপস্থাপন করেন। তাঁর ভাষ্য, ‘বর্তমান সময়ে এটি অত্যন্ত সময়োপযোগী উদ্ভাবন। যথাযথ সহায়তা পেলে এটি দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।’

আয়োজকেরা বাসস’কে বলেন, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং নতুন উদ্ভাবনে উৎসাহ দেওয়া। আগামীকাল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হবে।

এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।