Favicon

সন্ত্রাসী হামলায় আহত ডা. আসাদকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

প্রতিবেদক: ST Reporter আগস্ট ১৯, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
সন্ত্রাসী হামলায় আহত ডা. আসাদকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
ছবি : বাসস
চিকিৎসকের ওপর হামলা, নিরাপত্তা আইন প্রণয়নের দাবি।

সন্ত্রাসী হামলার শিকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এ সময় তিনি হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ দ্বায়িত্বরত ডাক্তারদের সাথে ডা. আসাদুর রহমানের চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।

হাসপাতালে ডা. আসাদুর রহমানকে দেখার পর তিনি বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং চিকিৎসকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, যা অত্যন্ত উদ্বেগজনক।

হাসপাতাল পরিদর্শনকালে ডা. বিটু অধ্যাপক মো. আসাদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানানো হয়।

গত ১৭ আগস্ট রাতে শান্তিনগর এলাকায় তার ওপর হামলা হয়। বর্বরোচিত এ হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব  ডা. বিটু।