সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত
ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২৬: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (UAE) সরকার। ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ প্রদান করা হচ্ছে।
এরই অংশ হিসেবে সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-1 হুমায়ুন কবির। তাঁর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ করে তোলে। সহায়তা বিতরণ কার্যক্রমে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড, রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির বলেন, “বন্যার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন কিছুটা হলেও পূরণ করা এবং তাদের পাশে থাকাই এই সহায়তা কার্যক্রমের উদ্দেশ্য।”
সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে। এসব পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং দুর্ভোগ কিছুটা লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সংযুক্ত আরব আমিরাতের এই মানবিক সহায়তা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারের প্রতিফলন।