এডাস্টের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
এ উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলী খান এবং কর্মকর্তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার।
অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটুসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে চার বছরের জন্য এডাস্টের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে প্রফেসর অব ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টর অব স্টাডিজ ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যের লিংকন বিশপ ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্বে পরিচালিত আইকন কলেজ অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টেও তিনি প্রফেসর অব ম্যানেজমেন্ট স্টাডিজ হিসেবে কাজ করেছেন।
তাঁর ১৯টির বেশি গবেষণা প্রবন্ধ ও প্রকাশনা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নতুন উপাচার্যের নেতৃত্বে এডাস্টের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।