Favicon

দেশেই উৎপাদন হবে বিশ্বমানের চিকিৎসা সরঞ্জাম

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক জুলাই ৪, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
দেশেই উৎপাদন হবে বিশ্বমানের চিকিৎসা সরঞ্জাম
Photo : Courtesy
তুরস্ক–বাংলাদেশ যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে মেগাসান মেডিক্যালের যাত্রা

ঈশ্বরদী (পাবনা), ৪ জুলাই, 2026: দেশের স্বাস্থ্য খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আমদানিনির্ভরতা থেকে মুক্ত করার লক্ষ্যে তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে পাবনার ঈশ্বরদীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড। শনিবার (৪ জুলাই) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দেশের মাটিতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শুরু হওয়ায় স্বাস্থ্য খাতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কর্মসংস্থান বৃদ্ধি এবং চিকিৎসা প্রযুক্তি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, "দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শুরু হওয়া আমাদের স্বাস্থ্য খাতের জন্য একটি বড় মাইলফলক। এর ফলে দেশের চিকিৎসা খাতের আমদানিনির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং সামগ্রিক স্বাস্থ্যসেবা খাত আরও আধুনিক ও শক্তিশালী হবে।" এই যৌথ বিনিয়োগকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে কোম্পানিটিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে স্মারক ফলক উন্মোচনের মাধ্যমে মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। পরবর্তীতে তিনি মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠানটির আধুনিক চিকিৎসা সরঞ্জামের একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন।
এরপর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম যৌথভাবে প্রতিষ্ঠানটির সর্বাধুনিক 'ইকুইপমেন্ট টেস্টিং ল্যাব' উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ও তুরস্কের এই যৌথ প্রয়াস দেশের শিল্প ও চিকিৎসা খাতে নতুন দিগন্তের উন্মোচন করল। স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা সরঞ্জাম তৈরি হওয়ায় দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলো এখন সহজেই সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের প্রযুক্তি ও যন্ত্রপাতি সংগ্রহ করতে পারবে।
মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন: ড. কবির উদ্দিন আহমেদ, মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, মনিরা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক, পাবনা, প্রণব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা, হাসান মো. শোয়াইব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ঈশ্বরদী, অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সদস্যসচিব, পাবনা জেলা বিএনপি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মেগাসান বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদুল হাসান টপি।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক, শিল্পোদ্যোক্তা, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।