হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নৌপথ, জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা সংকট গভীর হচ্ছে।
হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে আদায়কৃত টোলের প্রথম অর্থ ইতোমধ্যে হাতে পেয়েছে ইরান। বৃহস্পতিবার দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিজনিত অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিতে চাপ অব্যাহত রেখেছে।
সম্ভাব্য শান্তি আলোচনা অনিশ্চয়তার মধ্যে থাকায় আরও কয়েকটি জ্বালানিনির্ভর বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে। তেলের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। একই সঙ্গে বহুল পর্যবেক্ষিত এসঅ্যান্ডপি গ্লোবাল পিএমআই সূচক দেখিয়েছে, ইউরোজোনের ব্যবসায়িক কার্যক্রম ১৬ মাসের মধ্যে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে।
তেহরান থেকে এএফপি জানায়, ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রাখলে হরমুজ প্রণালী কেবল অনুমোদিত সীমিতসংখ্যক জাহাজের জন্য খোলা থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও তেহরান প্রণালী পুরোপুরি খুলে দেওয়া কিংবা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয়।
দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর অঞ্চলজুড়ে বড় ধরনের হামলা কমে এলেও গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে দুই পক্ষের অচলাবস্থা বহাল রয়েছে। উভয় পক্ষই অর্থনৈতিক চাপকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ অবস্থায় পাকিস্তানের মধ্যস্থতায় নতুন আলোচনার সুযোগ তৈরি করতে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ‘নৌ অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে পূর্ণ যুদ্ধবিরতির কোনো অর্থ থাকে না। যুদ্ধবিরতি প্রকাশ্যে লঙ্ঘিত অবস্থায় হরমুজ প্রণালী পুনরায় খোলা সম্ভব নয়।’
তার উপপ্রধান হামিদরেজ হাজিবাবেই জানান, হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজ থেকে আরোপিত টোল বাবদ প্রথম রাজস্ব ইতোমধ্যে পেয়েছে ইরান। শান্তিকালে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় পাঁচভাগের একভাগ এই প্রণালী দিয়ে চলাচল করে।
উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা
বিশ্লেষকদের মতে, বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ কট্টরপন্থী নেতারা মনে করছেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করতে পারবে।
তেল আবিবভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ড্যানি সিট্রিনোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘তেহরান বরাবরই অর্থনৈতিক চাপ সহ্য করেও জাতীয় স্বার্থ মনে করা বিষয়ে কঠোর অবস্থানে থেকেছে। এবারও ভিন্ন কিছু হওয়ার কারণ নেই।’
তিনি বলেন, ‘ছাড় দেওয়ার বদলে ইরান এখন আরও উত্তেজনা বৃদ্ধির পথে এগোচ্ছে।’
থিংক ট্যাংক সউফান সেন্টারের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের কট্টরপন্থীরা মনে করেন জ্বালানির বৈশ্বিক মূল্যবৃদ্ধি ও পণ্যের ঘাটতি বাড়তে থাকলে ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের শর্ত মেনে নিতে বাধ্য হবেন।
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ধারণা, ইরানের সমুদ্রপথে বাণিজ্যের ওপর মার্কিন অবরোধ দ্রুত দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করবে এবং তেহরানকে মার্কিন শর্ত মানতে বাধ্য করবে।
বুধবার ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেন, দুই থেকে তিন দিনের মধ্যে পাকিস্তানে আবার আলোচনা শুরু হতে পারে। যদিও ইরান এখনো অংশগ্রহণ নিশ্চিত করেনি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ সফর স্থগিত রেখেছেন।
ইসলামাবাদে সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে টানা চতুর্থ দিনের মতো কঠোর নিরাপত্তা জারি রয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটছে, সরকারি এলাকা ও বাণিজ্যিক কেন্দ্র প্রায় অচল হয়ে পড়েছে। ‘রেড জোন’-এর স্কুল বন্ধ রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাস চালু করেছে।
জাহাজ জব্দের দাবি
ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা হরমুজ প্রণালী থেকে দুটি জাহাজকে ইরানি উপকূলে যেতে বাধ্য করেছে।
জাহাজ দুটি হলো পানামার পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ এমএসসি ফ্রানচেস্কা এবং লাইবেরিয়ার পতাকাবাহী এপামিনোনদাস।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজ গানবোট সংশ্লিষ্ট ঘটনার কথা জানিয়েছে।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধবিরতির সময় ইরানি বন্দর অবরোধে নিয়োজিত তাদের বাহিনী এখন পর্যন্ত ৩১টি জাহাজকে ফিরে যেতে বা বন্দরে ঢুকতে বাধ্য করেছে।
লেবানন-ইসরাইল আলোচনা
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইসরাইল ও লেবাননের মধ্যে, বিশেষ করে হিজবুল্লাহকে ঘিরে, পৃথক যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
তবে যুদ্ধবিরতি সত্ত্বেও বুধবার ইসরাইলি হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম।
আল-আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল নিহত হন এবং তার সহকর্মী জয়নাব ফারাজ আহত হন বলে পত্রিকাটি জানিয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেন, ‘লেবাননের বিরুদ্ধে নিজেদের অপরাধ আড়াল করতে ইসরাইল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করছে।’ তিনি এসব হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দেন।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে দুটি যানবাহন বের হতে দেখা যায়। পরে তাদের বাহিনীর দিকে অগ্রসর হওয়ায় বিমান হামলা চালানো হয়।
ইসরাইল আরও জানিয়েছে, উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে যেতে বাধা দেওয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে।
কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরাইল ও লেবানন বৃহস্পতিবার ওয়াশিংটনে দ্বিতীয় দফা আলোচনা করবে।
এক লেবাননি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বৈঠকে লেবানন এক মাসের যুদ্ধবিরতি বৃদ্ধির প্রস্তাব তুলবে।
লেবাননের কর্তৃপক্ষের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় দেশটিতে ২ হাজার ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।