Favicon

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে আজ দেশ ছাড়ছেন শ্রমমন্ত্রী

প্রতিবেদক: ST Reporter জুন ৫, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে আজ দেশ ছাড়ছেন শ্রমমন্ত্রী
শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি
শ্রমমন্ত্রী জেনেভায় আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার রাতে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

এবছর ১-১২ জুন চলমান এ বৈশ্বিক সম্মেলনে ১৮৭ দেশের সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রায় পাঁচ হাজার প্রতিনিধি যোগ দিচ্ছেন।

সম্মেলনের মূল পর্বে ৮ জুন বাংলাদেশের প্রতিনিধিদের বক্তব্য রাখার কথা রয়েছে। শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশের শ্রম পরিস্থিতি, শ্রমিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও কর্মসংস্থানের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া শ্রম আইন (সংশোধন), ২০২৬ এবং এর ফলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয় তার বক্তব্যে উঠে আসবে।

জেনেভা সফরে মূল পর্বের বাইরে মন্ত্রী আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক, ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক এবং দক্ষিণ কোরিয়াসহ একাধিক দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের সাইডলাইন বৈঠক করার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী ছাড়াও বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মোট ছয় সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ নয়জন অংশগ্রহণ করছেন। শ্রমিক পক্ষের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।