বেসিসের সংবাদ সম্মেলনে সাংবাদিকের সঙ্গে সহায়ক কমিটির সদস্যের অশোভন আচরণের অভিযোগ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সংবাদ সম্মেলনে দ্য শাটল টাইমসের সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলাম মিচেলের সঙ্গে সংগঠনটির সহায়ক কমিটির সদস্য ও এটুভা টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জি. ফেরদৌস আলম অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার বেসিস কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে বেসিসের প্রশাসক খাদিজা নাজনিনের দাবি, সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং তার অনুমতিও নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে বেসিসের বর্তমান কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশিত সংগঠনটির এক সদস্যকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলন চলাকালে প্রশাসকের অনুমতি ছাড়া অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রশ্ন করেন দ্য শাটল টাইমসের সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলাম মিচেল। এ সময় ফেরদৌস আলম তার সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাংবাদিকের প্রশ্নের জবাবে ফেরদৌস আলম বলেন, “আমাদের কি পছন্দ হয় না? আমরা কি ভেসে আসছি?”
সংবাদ সম্মেলন শেষে বিষয়টি নিয়ে আবারও সাংবাদিকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে অন্য সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
পরে সাংবাদিক বেসিস কার্যালয় থেকে বের হওয়ার সময় ফেরদৌস আলম তার পথরোধ করে ভিজিটিং কার্ড চান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তিনি সাংবাদিকতার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, “আগে সাংবাদিকতা শিখবেন, তারপর প্রশ্ন করবেন।”
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে অন্য সদস্যরা এগিয়ে আসেন। পরে সাংবাদিকটি বেসিস কার্যালয় ত্যাগ করেন।
এদিকে, সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে বেসিসের প্রশাসক খাদিজা নাজনিন বলেন, তিনি এ আয়োজন সম্পর্কে আগে কিছুই জানতেন না। তিনি বলেন, “আমি এই মাত্র আপনার কাছ থেকে জানলাম।”
প্রশাসক আরও বলেন, তার দায়িত্বাধীন সহায়ক কমিটির সদস্যরা যদি তার সঙ্গে আলোচনা বা অনুমতি ছাড়াই এ ধরনের কার্যক্রম পরিচালনা করেন, তাহলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করবেন।
বিশেষজ্ঞদের মতে, প্রশাসকের অধীনে পরিচালিত কোনো সংগঠনের আনুষ্ঠানিক কর্মসূচি, বিশেষ করে সংবাদ সম্মেলনের মতো কার্যক্রম, সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামো ও অনুমোদন মেনেই আয়োজন করা উচিত।