ফ্লাইট বাতিলে সৌদিগামী বাংলাদেশি কর্মীদের সংকট, সমন্বিত উদ্যোগ চায় SABCCI
ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SABCCI)। সাম্প্রতিক দিনগুলোতে ৮২টি ফ্লাইট বাতিল হওয়ায় ১৩ হাজারের বেশি সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীর কাজে যোগদান ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে SABCCI বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মহলের জরুরি ও কার্যকর উদ্যোগ কামনা করেছে। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা শুধু মানবিক ও সামাজিক ক্ষেত্রেই নয়, কর্মসংস্থান, প্রবাসী আয়, আমদানি-রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ বিবেচনায় পরিস্থিতির দ্রুত স্বাভাবিকীকরণ জরুরি বলে মনে করে SABCCI।
সংগঠনটি বলেছে, সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের কাজে যোগদানের অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে তাঁদের চাকরির নিশ্চয়তা ও পরিবারের আর্থিক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও সামগ্রিক অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কর্মীদের সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জনশক্তি ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অংশীজনদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
প্রয়োজনে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো, সৌদি নিয়োগকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজে যোগদানের বিকল্প ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রশাসনিক ও আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছে SABCCI।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের কর্মসংস্থান ও কল্যাণ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
SABCCI মনে করে, পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক সংলাপের মাধ্যমে বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সম্ভব। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বাণিজ্যিক সহযোগিতা এবং অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।