জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণসহ চার অর্জন
রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াডে (IOCE 2026) স্বর্ণপদকসহ চারটি স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ দল। দলটি একটি স্বর্ণপদক, দুটি ব্রোঞ্জপদক ও একটি মেরিট সার্টিফিকেট অর্জন করেছে।
রাশিয়ার সোচির সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আবু মাহজূরাহ আয়মান স্বর্ণপদক পেয়েছেন। ১০০-এর মধ্যে ১০০ নম্বর পেয়ে তিনি বিশ্বব্যাপী প্রথম স্থান অর্জন করেন।
বাংলাদেশ দলের এস এম আনফাল হাবিব ও ফাবিহা নূরজীনা ব্রোঞ্জপদক পেয়েছেন। আর ইস মাহ আরূশ পেয়েছেন মেরিট সার্টিফিকেট বা সম্মানজনক স্বীকৃতি।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে বাংলাদেশ দলের সদস্যরা কয়েক মাস নিবিড় প্রস্তুতি নেন। ঢাকায় বিভিন্ন কর্মশালায় অংশ নেওয়ার পর তাঁরা সোচির সিরিয়াসে মাঠপর্যায়ের কাজ ও গবেষণাগার কার্যক্রমে অংশ নেন। এরপর তাঁরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার পাশাপাশি জলবায়ু ও পরিবেশবিজ্ঞান নিয়ে তাঁদের প্রস্তুতি ও আগ্রহও মূল্যায়নের সুযোগ তৈরি হয়।
বাংলাদেশ দলের প্রস্তুতি ও অংশগ্রহণে বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (BOCE) এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করেছেন। শিক্ষার্থীদের কয়েক মাসের প্রস্তুতি এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের পুরো প্রক্রিয়ায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করেছে।
আয়োজকদের মতে, এই অর্জন তরুণদের মধ্যে জলবায়ু পরিবর্তন, পরিবেশবিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহ তৈরিতে ভূমিকা রাখতে পারে।