Favicon

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত বিজিবির

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত বিজিবির
সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটযোগে অজ্ঞাতনামা ১০-১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ছবি: সংগৃহীত
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত বিজিবির

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে কালিন্দী নদী সীমান্তে চণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ খুরমী বিওপি থেকে দক্ষিণ দিকে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যস্থ চর এলাকায় ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট নামক স্থানে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটযোগে অজ্ঞাতনামা ১০-১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে এলে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়। পরে সকাল ১১টার দিকে বিএসএফ সদস্যরা ১০-১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা, প্রচলিত আইন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যেকোনো পুশ-ইনের অপচেষ্টা ১৭ বিজিবি কর্তৃক কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুণে জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৭ বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’