Favicon

সাইবার নিরাপত্তায় চীনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০২৬, ২:২২ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
সাইবার নিরাপত্তায় চীনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ
Caption: Courtesy
সাইবার নিরাপত্তায় চীনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ

ঢাকা, ২১ সেপ্টেম্বর: সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা এসব বিষয়ে আলোচনা করেন।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, আগামী অক্টোবরের শুরুতে তাঁর বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হবে। এ সময় তিনি চীনের জননিরাপত্তামন্ত্রীর (Minister of Public Security) শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেন। একই সঙ্গে চীনের জননিরাপত্তা–বিষয়ক একটি ফোরামে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চীন সফরের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

বৈঠকে বিশেষ করে সাইবার অপরাধ দমন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গত দুই বছরে চীন বাংলাদেশের ১০০–এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা ব্যবস্থাপনা, ট্রাফিক ও পরিবহন ব্যবস্থাপনা, অভিবাসন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এই সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার পুলিশের জন্য একটি বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং এর অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।

সাইবার অপরাধ মোকাবিলায় চীনা বিশেষজ্ঞদের বাংলাদেশে পাঠানোর এবং দেশটির সাইবার ল্যাব পরিদর্শনের মাধ্যমে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন ইয়াও ওয়েন।

এর পরিপ্রেক্ষিতে চীনে একটি উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সিআইডির নেতৃত্বে গঠিত ওই দলে একজন অতিরিক্ত আইজিপি, একজন অতিরিক্ত ডিআইজি এবং সাইবার ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা থাকবেন। প্রতিনিধি দলটি চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পরিদর্শন করে বাংলাদেশে ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করবে।

বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী ও শীর্ষ বিনিয়োগকারী দেশ। তিনি বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার। বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক, ব্যবসায়ী এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দৃঢ় অঙ্গীকার রয়েছে বলেও তিনি জানান।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।