পরিচ্ছন্নতা ও টেকসই পরিবেশে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিল ভারতীয় হাইকমিশন
ঢাকায় ভারতীয় হাইকমিশনে ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচি পালন করা হয়েছে। পরিচ্ছন্নতা, জনসম্পৃক্ততা এবং পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার দুপুরে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ভারতীয় হাইকমিশন, ঢাকা।
হাইকমিশনের পোস্টে বলা হয়, ‘স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ প্রচারাভিযানের আওতায় ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী হাইকমিশনের কর্মকর্তাদের স্বচ্ছতার শপথ পাঠ করান।
এ সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘সাফাই মিত্র’দের সম্মাননা দেওয়া হয়। তাঁদের অবদানেরও প্রশংসা করা হয়।
ভারতীয় হাইকমিশন বলেছে, এ প্রচারাভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতা, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই কর্মকাণ্ডে সম্মিলিত অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছে।
হাইকমিশনের মতে, এ ধরনের উদ্যোগ পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ‘স্বচ্ছ ভারত’ ও ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে অবদান রাখবে।