Favicon

জাপানের বাজারে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ বিজিএমইএর

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
জাপানের বাজারে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ বিজিএমইএর
Photo: Courtesy
জাপানে পোশাক রপ্তানি বাড়াতে বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

ঢাকা, ২৩ সেপ্টেম্বর: জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে এবং দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ জোরদার করতে ‘বিজিএমইএ জাপান ডেস্ক’ চালু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদির মিলনায়তনে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ফিতা কেটে এ ডেস্কের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে বিজিএমইএর সহসভাপতি (অর্থ) ও জাপান মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান বাংলাদেশি পোশাক উদ্যোক্তাদের জন্য জাপানের ভ্রমণ ভিসা সহজ করার অনুরোধ জানান। বিশেষ করে মার্কেটিং ও মার্চেন্ডাইজিংয়ের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে তিনি জাপানের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, নতুন এই ডেস্ক দুই দেশের বাণিজ্যকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, একটি নির্দিষ্ট খাত বা প্রচলিত কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকা ঠিক নয়। এ কারণে পণ্য ও বাজার বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে বিজিএমইএ।

জাপানের বাজার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য সম্ভাবনাময় উল্লেখ করে তিনি বলেন, এই সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যেই জাপান ডেস্ক চালু করা হয়েছে। তবে জাপানের বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে স্বল্প সময়ে পণ্য সরবরাহ বা ‘লিড টাইম’ নিশ্চিত করা বর্তমানে বড় চ্যালেঞ্জ।

বিজিএমইএ জানায়, জাপানের বাজারে পোশাক রপ্তানি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রায় এক বছর আগে বর্তমান বোর্ডের উদ্যোগে ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কমিটি’ গঠন করা হয়। মিজানুর রহমান এ কমিটির চেয়ারম্যান এবং বিজিএমইএর পরিচালক মোহাম্মদ সোহেল কোঅর্ডিনেটিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় জাপান ডেস্ক চালু করা হলো।

অনুষ্ঠানে বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন মিজানুর রহমান।

জাপান ডেস্কের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন বিজিএমইএর জাপান কমিটির উপদেষ্টা ও ফুরুশিমা (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব এবং বিজিএমইএর পরিচালক ও জাপান মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কমিটির কোঅর্ডিনেটিং ডিরেক্টর মোহাম্মদ সোহেল।

অনুষ্ঠানে জাপানের দূতাবাস, জেট্রো ঢাকা অফিস, ঢাকা শুমু-কু-কাই (JCIAD), টয়োটা সুশো, টেইজিন ফ্রন্টিয়ার, মারুবেনি, ইতোচু করপোরেশন এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (JBCCI) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেট্রো ঢাকা অফিসের ওভারসিজ বিজনেস অ্যাডভাইজর দাইসুকে আরায়, ঢাকা শুমু-কু-কাইয়ের সভাপতি ও টয়োটা সুশো করপোরেশনের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউজি ওয়াগাটা, টেইজিন ফ্রন্টিয়ারের ঢাকা লিয়াজোঁ অফিসের জেনারেল ম্যানেজার তাকামাসা ইয়ামামোতো, মারুবেনি করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি হেড সুগাওয়ারা মানাবু, ইতোচু করপোরেশনের ঢাকা লিয়াজোঁ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ হিরোয়াকি ওউরা এবং JBCCI সভাপতি তারেক রাফি ভূঁইয়া (জুন) অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বাংলাদেশের তৈরি পোশাক খাতের পরিবর্তন, কর্মপরিবেশের উন্নয়ন, কমপ্লায়েন্স এবং জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের বিষয় তুলে ধরেন।

জাপানি ব্যবসায়ীরা বাংলাদেশের তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মপরিবেশ ও কমপ্লায়েন্স ব্যবস্থার প্রশংসা করেন। দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ আরও বাড়াতে জাপান ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জাপানি বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে দ্বিপক্ষীয় নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বিজিএমইএ জানিয়েছে, জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে জাপান ডেস্ক। ছোট ও মাঝারি আকারের পোশাকের অর্ডার ব্যবস্থাপনা, জাপানি বিনিয়োগ সহজ করা এবং দুই দেশের তৈরি পোশাক খাতের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে এ ডেস্ক কাজ করবে।