ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, ৩ পুলিশসহ আহত ৫ জন
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৩পুলিশ সদস্য ও ২ আসামিসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা হলেন- কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপভ্যান চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২), আসামি মহন মিয়া (৪৫) ও রুজিনা বেগম (৩৫)। আহত ২ আসামির বাড়ি বিজয়নগর উপজেলায়।
এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বাসস’কে জানান, বিজয়নগর থানা থেকে ২ জন আসামিকে নিয়ে পুলিশের একটি পিকআপভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথে মনিপুর এলাকায় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জেলা পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।