সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব শুরু কাল
সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান আগামীকাল শুরু হচ্ছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা অংশ নেবেন।
বন বিভাগের তথ্য অনুযায়ী, আগামীকাল পুণ্যার্থীরা দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করবেন।
পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবে অংশ নিতে দুবলার চরে যাতায়াতের জন্য বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। আগামী ২৪ নভেম্বর এ উৎসব শেষ হবে।
তিনি বলেন, তিন দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত থাকবে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত তিন দিন ধরে দুবলার চরের বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে।
নির্ধারিত নদীপথ দিয়ে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও নৌকায় পুণ্যার্থী ও দর্শনার্থীরা দুবলার চরে যাবেন।
যাত্রাপথে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের টহল দল দায়িত্ব পালন করবে।
উৎসব উপলক্ষে পাঁচটি নৌপথ অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো— বুড়িগোয়ালিনী-কোবাডাক নৌপথ : বাতুলা নদী, বল নদী, পাটকোস্টা খাল ও হংসরাজ নদী হয়ে দুবলার চর।
কয়রা-কাশিয়াবাদ নৌপথ : খাসিটানা, বাজবাজা, আরুয়া শিবসা, শিবসা নদী ও মারজাত হয়ে দুবলার চর।
নলিয়ান নৌপথ : শিবসা ও মারজাত নদী হয়ে দুবলার চর।
ঢাংমারী বা চাঁদপাই নৌপথ : তিনকোনা দ্বীপ ও পশুর নদী হয়ে দুবলার চর।
বগী-বলেশ্বর নৌপথ : সুন্দরবনের বাইরে দিয়ে সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে দুবলার চর।
হাছানুর রহমান বলেন, ২২ থেকে ২৪ নভেম্বর এই তিন দিনের জন্য বন বিভাগ অনুমতিপত্র দেবে।
নির্ধারিত প্রবেশপথে সরকারি বিধি অনুযায়ী নৌযানের প্রবেশ ও নোঙর করার ফি এবং যাত্রীর সংখ্যার ভিত্তিতে অন্যান্য প্রযোজ্য ফি আদায় করা হবে। আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি জমা দিতে হবে।
প্রতিটি অনুমতিপত্রে সরকারি সিলসহ অনুমোদিত নৌপথের নাম উল্লেখ থাকবে। পুণ্যার্থীদের পাঁচটি নির্ধারিত নৌপথের যেকোনো একটি বেছে নিয়ে সেই পথ অনুসরণ করতে হবে।
২২ নভেম্বর দিনের বেলায় ভাটার সময় নৌযাত্রা শুরু করতে হবে। অনুমোদিত নৌপথে শুধু দিনের বেলায় চলাচল করা যাবে।
বন বিভাগের তল্লাশিচৌকি ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্তসংখ্যক লাইফ জ্যাকেট অথবা লাইফবয়া রাখতে হবে।
প্রতিটি নৌযানে রং বা স্টিকারের মাধ্যমে নিবন্ধন নম্বর বা ক্রমিক নম্বর এবং যাত্রী ধারণক্ষমতা প্রদর্শন করতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে টিকিট বা টোকেন দেওয়া হবে, যা অবস্থানকালে সঙ্গে রাখতে হবে।
সব নৌযানকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে রিপোর্ট করতে হবে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
উৎসব চলাকালে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার নিষিদ্ধ করেছে বন বিভাগ। হরিণ ধরার ফাঁদ, গাছ কাটার কাজে ব্যবহৃত দড়ি, কুড়াল ও করাতসহ অবৈধ সামগ্রী রাখলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচসহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকসামগ্রী বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নৌযানে ও পুণ্যস্নানের স্থানে মাইক্রোফোনে উচ্চ শব্দে গান বাজানো, পটকা ফোটানো, আতশবাজি পোড়ানো এবং শব্দদূষণ সৃষ্টি করে এমন অন্যান্য কর্মকাণ্ডও নিষিদ্ধ।
সুন্দরবনে প্রবেশের সময় পুণ্যার্থীদের মূল এনআইডি কার্ড অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সনদ সঙ্গে রাখতে হবে।
ডিএফও সব পুণ্যার্থীকে সংশ্লিষ্ট বন স্টেশনে নির্ধারিত ফি পরিশোধ এবং নিরাপদ ও পরিবেশবান্ধবভাবে উৎসব উদযাপনের জন্য নির্ধারিত নৌপথ ও অন্যান্য নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।
গত ৮ নভেম্বর খুলনায় পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ।