Favicon

পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের স্পিকার, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের স্পিকার, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা
ছবি : সংগৃহীত
ইসলামাবাদ, লাহোর ও করাচি সফরে যাচ্ছেন ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সোমবার (২৩ নভেম্বর) রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বিমানবন্দরে বাংলাদেশের স্পিকারকে স্বাগত জানান। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরটি বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক জোরদার এবং দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।