Favicon

পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

প্রতিবেদক: ST Reporter সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা বাংলাদেশের
Photo : File
ই-১ এলাকায় ইসরাইলি বসতি পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

অধিকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট রেজ্যুলেশনের সম্পূর্ণ পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, এই পরিকল্পিত নির্মাণকাজ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতাকে আরও মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে এবং একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে নস্যাৎ করবে।

বাংলাদেশ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে।

ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে- এমন যেকোনো পদক্ষেপ প্রতিরোধ করতে এবং আন্তর্জাতিক আইন ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত, বিস্তৃত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়কে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছে ঢাকা। 
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি প্রকাশ করছে এবং তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় অধিকারের বৈধ আকাক্সক্ষাকে সমর্থন করতে অঙ্গিকারবদ্ধ।