Favicon

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন

প্রতিবেদক: ST Reporter অক্টোবর ৮, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন
ছবি : সংগৃহীত
রূপপুরের প্রথম ইউনিটে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’র চূড়ান্ত অনুমোদন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এ প্রক্রিয়াকে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বলা হয়।

আজ বৃহস্পতিবার বায়রা এ অনুমোদন দেয়। বায়রা চেয়ারম্যান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযুক্ত করার আগে আরো দুটি অনুমোদনের প্রয়োজন হবে।’

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমনের সেফটি ভালভের (পিওআরভি/পিওএসভি) জটিলতার কারণে এতদিন অনুমোদনটি আটকে ছিল। রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল এসে বিভিন্ন কৌশলে সমস্যাটির সমাধান করে। পরে বিভিন্ন পরীক্ষায় সেফটি ভালভটি সফলভাবে উত্তীর্ণ হয়। এর ফলে আগামী ডিসেম্বরের শেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে।

গত ২৮ এপ্রিল প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং বা ‘ফিজিক্যাল স্টার্টআপ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এছাড়া গত ৩ অক্টোবর দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান সফলভাবে এসে পৌঁছেছে। বায়রার এই অনুমোদনের ফলে প্রথম ইউনিটের রিয়্যাক্টরে জ্বালানি লোড করা এবং বিদ্যুৎ উৎপাদনের মহড়া শুরু করা যাবে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট ঠিকাদার হিসেবে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দু’টি ইউনিট নির্মাণ করছে।