Favicon

শহীদ জিহাদ দিবস আজ

প্রতিবেদক: ST Reporter অক্টোবর ১০, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
শহীদ জিহাদ দিবস আজ
শহীদ নাজির উদ্দিন জিহাদ। ফাইল ছবি
শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকী আজ

স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকী আজ। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আত্মত্যাগের স্মরণে দিবসটি পালিত হচ্ছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা জিহাদ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ছিলেন। ১৯৯০ সালের ১০ অক্টোবর তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের অবসানের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন সাতদলীয় জোটের আয়োজিত ঢাকার এক সমাবেশে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

জিহাদ তখন সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। উল্লাপাড়া থেকে আসা প্রায় ৬০ জন শিক্ষার্থীর সঙ্গে তিনি পল্টনের ওই সমাবেশে যোগ দেন। বিকেল ৪টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর পর স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান হয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে রাজনৈতিক দল, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলন তীব্র হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিহাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক বাণীতে তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশকে আত্মনির্ভরশীল, নিরাপদ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘জিহাদের রক্তস্নাত পথ ধরেই বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে।’

দেশের গণতান্ত্রিক সংগ্রামে আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারী শাসন যখনই জনগণের অধিকার কেড়ে নিয়েছে, তখনই জিহাদের মতো মানুষ প্রতিবাদে এগিয়ে এসেছেন এবং গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন।

প্রধানমন্ত্রী শহীদ জিহাদের আত্মার মাগফিরাত কামনা করেন।