লেনোভোর নতুন দুই মনিটর আনল গ্লোবাল ব্র্যান্ড
দেশের বাজারে লেনোভোর নতুন দুটি মনিটর এনেছে প্রযুক্তিপণ্য বিতরণকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। চ্যানেল পার্টনার, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমবি) এবং করপোরেট গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে লেনোভো এল২২-৪২ ও লেনোভো এল২৭-৪ই মডেলের মনিটর দুটি বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের অন্যতম লেনোভো ডিস্ট্রিবিউটর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মনিটর দুটি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, হোম অফিস এবং বিভিন্ন ধরনের পেশাগত কাজে ব্যবহারের কথা বিবেচনা করে বাজারে আনা হয়েছে।
লেনোভো এল২২-৪২ মডেলটিতে রয়েছে ২১ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০×১,০৮০) আইপিএস ডিসপ্লে। তিন পাশে আলট্রা-থিন বেজেল ও ক্লাউড গ্রে ফিনিশিংয়ের এই মনিটরে রয়েছে ১০০ হার্টজ রিফ্রেশ রেট, ২৫০ নিটস উজ্জ্বলতা এবং ১,৩০০:১ কনট্রাস্ট রেশিও। হোম অফিস, শিক্ষার্থী, ছোট ব্যবসা ও ব্যাংকিং খাতের দৈনন্দিন কাজের জন্য এটি উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মডেলটির সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ১০ হাজার ৭৫০ টাকা।
অন্যদিকে লেনোভো এল২৭-৪ই মডেলে রয়েছে ২৭ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০×১,০৮০) আইপিএস ডিসপ্লে। রাভেন ব্ল্যাক রঙের এই মনিটরে ১০০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ নিটস উজ্জ্বলতা এবং ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও রয়েছে। করপোরেট নির্বাহী, ফ্রিল্যান্সার ও মাল্টিটাস্কিং পেশাজীবীদের অফিস সেটআপ এবং বড় পরিসরে কেনাকাটার (বাল্ক প্রকিউরমেন্ট) জন্য এটি উপযোগী। মডেলটির এমআরপি ১৪ হাজার ৪০০ টাকা।
মনিটর দুটিতেই এইচডিএমআই ১.৪ ও ভিজিএ পোর্টের পাশাপাশি ভেসা ওয়াল মাউন্ট সুবিধা রয়েছে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, লেনোভোর অনুমোদিত সার্ভিস প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠানটি মনিটর দুটির সঙ্গে সরাসরি তিন বছরের ওয়ারেন্টি সেবা দেবে। এর মাধ্যমে রিসেলার, এসএমবি গ্রাহক ও করপোরেট ক্লায়েন্টদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দেশজুড়ে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির শাখা, অনুমোদিত ডিলার পয়েন্ট এবং অনলাইন পোর্টালের মাধ্যমে রিসেলার, এসএমবি ও করপোরেট গ্রাহকেরা অফিসিয়াল ওয়ারেন্টিসহ মনিটর দুটি সংগ্রহ করতে পারবেন।