পেকিন হাঁস পালনে স্বাবলম্বী হচ্ছেন দিনাজপুরের শত শত নারী
চীনা পেকিন হাঁস পালন জেলার শত শত গ্রামীণ নারীর কর্মসংস্থানের নতুন পথ খুলে দিয়েছে। তুলনামূলকভাবে কম বিনিয়োগ, কম শ্রম ও সময়ে লাভজনক এই উদ্যোগের মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন।
দ্রুত বর্ধনশীল ও মাংস উৎপাদনকারী এই জাতটি দিনাজপুরের নারী উদ্যোক্তাদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
পেকিন হাঁস মাত্র ৬০ থেকে ৬২ দিনের মধ্যেই বিক্রির উপযোগী হয়ে ওঠে। নারীরা ঘরের কাজের পাশাপাশি বাড়তি আয়ের একটি চমৎকার সুযোগ হিসেবে গ্রহণ করেছেন এই হাঁস পালন।
দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম জানান, এ বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় ১ হাজারেরও বেশি ছোট-বড় হাঁসের খামার গড়ে উঠেছে। জেলার গ্রামীণ নারীদের মধ্যে পেকিন হাঁস পালনের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তিনি বলেন, মূলত চীনে উদ্ভাবিত এই জাতটি দেশি হাঁসের তুলনায় অনেক বেশি মাংস দেয়। হোটেল মালিক ও ভোক্তাদের কাছেও এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। দুই মাসের মধ্যেই একটি পেকিন হাঁসের ওজন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হতে পারে। তাই বাণিজ্যিক ক্রেতাদের কাছেও এটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।
রাস্তার পাশের খাবার দোকান ও স্থানীয় রেস্তোরাঁগুলোতে হাঁসের মাংস ও ভাতের চাহিদা বেড়ে যাওয়ায় আগের বছরগুলোর তুলনায় এই জাতটির চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অনেক রেস্তোরাঁ মালিক এখন সরাসরি খামার থেকেই পেকিন হাঁস সংগ্রহ করছেন।
জেলার চিরিরবন্দর উপজেলার সোনামুখী গ্রামের গৃহবধূ ৩০ বছর বয়সি জুলেখা বেগমের জীবনে এই উদ্যোগ আয়ের নতুন উৎস ও আর্থিক স্বাধীনতা নিয়ে এসেছে।
বাসসের সাথে আলাপকালে মো. নাজির হোসেনের স্ত্রী জুলেখা জানান, ২০২৫ সালের ১১ অক্টোবর তিনি ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’ (পিকেএসএফ)-এর সহায়তায় ভর্তুকি মূল্যে পাওয়া ৩৫টি পেকিন জাতের হাঁসের বাচ্চা নিয়ে এই যাত্রা শুরু করেন।
তিনি নিজের বাড়িতে টিনের ছাউনি দেওয়া ও চারপাশ জালে ঘেরা একটি জায়গায় হাঁসের বাচ্চাগুলোকে বড় করেন। সেখানে তিনি নিয়মিত খাবার, বিশুদ্ধ পানি, আলো ও অক্সিজেনের সুব্যবস্থা নিশ্চিত করেন। দিনের বেলায় তিনি হাঁসগুলোকে কাছের মাঠে ঘাস খাওয়ার সুযোগ দিতেন এবং পুকুরে সাঁতার কাটার ব্যবস্থা করতেন। হাঁসগুলোর নিয়মিত খাবারের তালিকায় ছিল সেদ্ধ খুদ, চালের গুঁড়া, ভুসি ও পানি। এসব খাবার ভালোভাবে মিশিয়ে তিনি হাঁসকে খেতে দিতেন।
জুলেখা জানান, সাধারণত দুই থেকে আড়াই মাসের মধ্যেই হাঁসগুলো বিক্রির উপযোগী হয়ে ওঠে। প্রতিটি হাঁসের ওজন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়। বাজারের চাহিদার ওপর নির্ভর করে প্রতিটি পূর্ণবয়স্ক হাঁস পাইকারি বিক্রেতাদের কাছে ১,২০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি করা যায়। তিনি প্রথম ব্যাচের ৩৫টি হাঁস প্রতিটি ১,২০০ টাকা দরে মোট ৪২,০০০ টাকায় বিক্রি করেন।
প্রাথমিক এই সাফল্যে উৎসাহিত হয়ে জুলেখা আরও ৭০টি হাঁসের বাচ্চা দুই ধাপে বড় করেন এবং প্রতিটি ১,২০০ টাকা দরে বিক্রি করে ৮৪,০০০ টাকা আয় করেন। পরবর্তীতে, ৪ মে তিনি তৃতীয় ব্যাচের ৩৫টি হাঁস প্রতিটি ১,৪০০ টাকা দরে বিক্রি করেন। এ থেকে তার আয় হয় ৪৯,০০০ টাকা।
গত ঈদুল আজহার সময় বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় তিনি সেসময় হাঁসগুলো বিক্রি করে তুলনামূলক বেশি দাম পেয়েছিলেন।
দেশি হাঁস ও পেকিন হাঁসের মধ্যে তুলনা করতে গিয়ে তিনি জানান, একটি দেশি হাঁস থেকে সাধারণত এক কেজির সামান্য বেশি মাংস পাওয়া যায়, যার মধ্যে হাড়ের পরিমাণ অনেক বেশি থাকে। অন্যদিকে, একটি পেকিন হাঁস থেকে দেশি হাঁসের তুলনায় তিন থেকে চার গুণ বেশি মাংস পাওয়া যায়।
পিকেএসএফ-এর কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বাসস’কে বলেন, গ্রামীণ নারীদের লাভজনক হাঁস পালনের সঙ্গে যুক্ত করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, দিনাজপুরের সাতটি সমিতির ২৪২ জন গ্রামীণ নারী ইতোমধ্যে পেকিন হাঁস পালন করে সফল হয়েছেন। এই কর্মসূচির আওতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র’ (এমবিএসকে) পিকেএসএফ-এর সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ নারীদের হাঁস পালনের কাজে যুক্ত করেছে। এমবিএসকে প্রতিটি উপজেলা থেকে ১২৫ জন গৃহবধূকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করেছে। বর্তমানে দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে এ কার্যক্রম ছড়িয়ে পড়েছে।
আস্করপুর, আউলিয়াপুর, ফাজিলপুর, বিশ্বনাথপুর, ফারাক্কাবাদ, তেঁতুলিয়া, সোনামুখী, রানীবন্দর, নশরতপুর, বেলতলী, ঝাড়বাড়ী, সুজাপুর ও খয়েরবাড়ীসহ বিভিন্ন গ্রাম এই ক্রমবর্ধমান উদ্যোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
রাশেদুল ইসলাম বলেন, পেকিন হাঁস পালনে তুলনামূলক কম যত্নের প্রয়োজন হয়। এগুলোতে রোগবালাইও কম হয়। যার ফলে মৃত্যুর হারও বেশ কম। এই বৈশিষ্ট্যগুলোর কারণে স্বল্প আয়ের গ্রামীণ পরিবারগুলোর জন্য এটি অত্যন্ত উপযোগী। তারা সামান্য বিনিয়োগ ও শ্রম দিয়েই এখান থেকে মুনাফা অর্জন করতে পারেন।
তিনি জানান, নারীরা শুরুতে বিনামূল্যে হাঁসের বাচ্চা পেয়েছেন এবং পরবর্তীতে ভর্তুকি মূল্যে তা পেয়েছেন। পাশাপাশি, হাঁসকে খাওয়ানো ও লালন-পালনের বিষয়েও তাদের প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়া হয়েছে।
এই উদ্যোগে সফল নারীরা সবাই এমবিএসকে-এর সদস্য। তারা হলেন; পারুল রানী, প্রতিমা সরকার, বুলবুলি, মরজিনা, সোহেলি, ময়ূরী, শর্মিলা দাস, সালেহা বেগম, আসমা বেগম ও মরজিনা খাতুনসহ আরও অনেকে।
এমবিএসকে আধুনিক ইনকিউবেশন মেশিন ব্যবহার করে পেকিন জাতের হাঁসের বাচ্চা ফোটানোর একটি ব্যবস্থা গড়ে তুলেছে। যাতে গ্রামীণ নারীদের কাছে নিয়মিতভাবে হাঁসের বাচ্চা সরবরাহ নিশ্চিত করা যায়। সংস্থাটি নারীদের খামার সফলভাবে পরিচালনার জন্য নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে।
দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাণিসম্পদ সার্জন ডা. আশিকা আকবর তিশা জানান, উন্নত চীনা পেকিন জাতের হাঁস পালনে গ্রামীণ নারীদের এই সাফল্য তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি বলেন, উন্নত জাতের হাঁস ও পোল্ট্রি পালনে আগ্রহী নারীদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহায়তা দিতে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রস্তুত রয়েছে।
তিনি জানান, জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়গুলোকে খামারিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
যে উদ্যোগটি একসময় ছোট পরিসরে পারিবারিক পর্যায়ে শুরু হয়েছিল, তা এখন দিনাজপুরে একটি সম্ভাবনাময় গ্রামীণ উদ্যোগে পরিণত হচ্ছে। এটি নারীদের জন্য তাদের বাড়ির আঙিনাকে একটি উৎপাদনশীল খামারে রূপান্তর করার সুযোগ তৈরি করছে। যা তাদের আরও স্বনির্ভর অর্থনৈতিক ভবিষ্যতের নিশ্চয়তা দিচ্ছে।