Favicon

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক

প্রতিবেদক: ST Reporter সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক
ছবি : বাসস
কলমাকান্দায় মহাদেও-গণেশ্বরী নদীতে দুই সেতুর কাজ এগোচ্ছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কলমাকান্দা উপজেলার মহাদেও ও গণেশ্বরী নদীতে প্রস্তাবিত দুটি সেতুর স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারওয়ার।

তিনি আজ প্রস্তাবিত সেতু দুটির স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর বর্তমান অবস্থা, বিদ্যমান যোগাযোগব্যবস্থা এবং সেতু নির্মাণের সম্ভাব্য স্থানসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ঘোষিত প্রধান চারটি সেতুর মধ্যে কলমাকান্দার এ দুটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কার্যক্রম এগিয়ে চলছে। প্রকল্প দুটির টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

পরিদর্শনকালে প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার বলেন, ডেপুটি স্পিকারের বিশেষ উদ্যোগে প্রস্তাবিত সেতু দুটির স্থান ও আশপাশের বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। সেতু দুটি নির্মিত হলে সীমান্তবর্তী এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি সীমান্ত সড়কের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সরেজমিন পরিদর্শনের পর্যালোচনার ভিত্তিতে দ্রুত পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল পাঠান, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, লেংগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিনের কাক্সিক্ষত সেতু দুটি নির্মিত হলে কলমাকান্দার যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এর ফলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি পর্যটন সম্ভাবনাও বাড়বে।