রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ ও সাপ উদ্ধারে প্রশিক্ষণ কর্মশালা।
জেলায় আজ আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম ও রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী -এর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এবং সর্প গবেষক বোরহান বিশ্বাস রোমন।
কর্মশালায় বক্তারা বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের ছবিসহ পরিচিতি ও প্রজাতিসমূহ, সাপেকাটা রোগির সংখ্যা ও পরিসংখ্যান, সাপ কখন ও কেন মানুষকে কামড়ায়, এন্টিভেনমের ব্যবহার ও এর কার্যকারিতা এবং সর্প দংশনের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে আলোকপাত করেন।তারা পরিবেশের জন্য উপকারী প্রজাতির সাপ হত্যা না করে উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষকবৃন্দ সাপ উদ্ধার, হ্যান্ডলিং ও প্রকৃতিতে অবমুক্তকরণ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন। এসময় তারা সাপ উদ্ধারে নিজেদের নিরাপত্তা, সুরক্ষা ও পর্যাপ্ত প্রয়োজনীয় সরঞ্জামাদির প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করেন।