শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মী আটক, বিশেষ ক্ষমতা আইনে মামলা।
জেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ কর্মীকে আজ আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।
শুক্রবার দুপুরে শেরপুর সদরের গাজীরখামার ইউনিয়নের উত্তরকান্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-শেরপুর সদরের গাজীরখামার ইউনিয়নের উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মোজাফফর আলী। একই গ্রামের শিপন মিয়ার ছেলে রমজান মিয়া, সাইফুল ইসলামের ছেলে সাগর ইসলাম, বাচ্চু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আবদুর রহমান।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নাশকতার প্রস্তুতি নিয়ে শেরপুর সদরের গাজীরখামারে জড়ো হতে থাকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সরকার বিরোধী স্লোগান দেয়ায় ঘটনাস্থল থেকে ৫ কর্মীকে আটক করা হয়।
পরে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরসহ গ্রেফতার দেখানো হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বাসস’কে জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।