Favicon

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষায় কেন্দ্রগুলোতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

প্রতিবেদক: ST Reporter জুলাই ৭, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষায় কেন্দ্রগুলোতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
ফাইল ছবি
এইচএসসি প্রশ্নপত্রের নিরাপত্তায় কঠোর নির্দেশ শিক্ষা বোর্ডের

চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে কেন্দ্রে পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, প্রেরণ ও বিতরণের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

আজ কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

সারাদেশের এইচএসসি পরীক্ষার সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে কেন্দ্রে প্রশ্নপত্র গ্রহণ থেকে শুরু করে পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীদের মাঝে বিতরণের প্রতিটি ধাপে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

এতে বলা হয়, পরীক্ষার কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র দেওয়া যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষে অব্যবহৃত প্রশ্নপত্রগুলো তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নিরাপদে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে, কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা তার কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না।

কমিটির পক্ষ থেকে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কক্ষ পরিদর্শক (ইনভিজিলেটর) এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই নির্দেশনাসমূহ কঠোরভাবে অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।