ওপেন ডোরস অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ গবেষকেরা; স্নাতক থেকে পোস্টডক্টরাল পর্যায়ে আবেদনের সুযোগ
রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে পারেন বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ গবেষকেরা। এ জন্য আন্তর্জাতিক একাডেমিক প্রতিযোগিতা ‘ওপেন ডোরস: রাশিয়ান স্কলারশিপ প্রজেক্ট’ অলিম্পিয়াডে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকার রাশিয়ান হাউস। ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য নিবন্ধনের শেষ সময় আগামী ১ নভেম্বর ২০২৬।
আয়োজকদের তথ্য অনুযায়ী, স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল—এই চারটি পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, অর্থনীতি ও মানবিক বিদ্যাসহ মোট ১৪টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
গ্লোবাল ইউনিভার্সিটিজ অ্যাসোসিয়েশন রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় এবং রসোট্রুডনিচেস্টভোর সহযোগিতায় এ অলিম্পিয়াডের আয়োজন করছে।
আয়োজকদের ভাষ্য, প্রতিযোগিতায় সফল প্রার্থীরা যোগ্যতাসাপেক্ষে নির্বাচিত রুশ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বা রুশ ভাষায় পরিচালিত প্রোগ্রামে টিউশন ফি ছাড়া ভর্তির সুযোগ পেতে পারেন। রুশ ভাষায় পরিচালিত স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের যোগ্য বিজয়ীরা নির্ধারিত শর্তে সরকারি অনুদানের আওতায় যাতায়াত ব্যয়, আবাসন, চিকিৎসাবিমা ও মাসিক ভাতার সুবিধাও পেতে পারেন।
পোস্টডক্টরাল পর্যায়ের অংশগ্রহণকারীদের জন্য অভিজ্ঞ বিজ্ঞানীদের তত্ত্বাবধানে উন্নত গবেষণার সুযোগ রয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে এ অলিম্পিয়াডে বিশ্বের ২০০টির বেশি দেশের ছয় লাখ ১৮ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। এ পর্যন্ত বিজয়ী ও রানারআপ হয়েছেন ১৬ হাজার ৭০০ জনের বেশি।
বাংলাদেশি আবেদনকারীদের নিবন্ধন, বিষয় নির্বাচন, প্রয়োজনীয় নথি প্রস্তুত ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে অনলাইন পরামর্শের ব্যবস্থা করেছে ঢাকার রাশিয়ান হাউস। প্রতি সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পরামর্শ নেওয়া যাবে। সরাসরি পরামর্শের লিংক পাওয়া যাবে ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান হাউসের অফিসিয়াল ফেসবুক পেজে।
আগ্রহী শিক্ষার্থীরা ওপেন ডোরস অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন, অংশগ্রহণের নিয়ম, প্রতিযোগিতার সময়সূচি ও বিষয়ভিত্তিক তথ্য জানতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিংক:
নিবন্ধন: https://od.globaluni.ru/
অংশগ্রহণের নিয়ম: https://od.globaluni.ru/rules
প্রতিযোগিতার সময়সূচি: https://od.globaluni.ru/#a-schedule-block
বিষয় ও মডিউল: https://od.globaluni.ru/#a-subjects
সাধারণ জিজ্ঞাসা: https://od.globaluni.ru/#a-faq
বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ গবেষকেরা আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে পারেন। আগ্রহীদের নির্ধারিত যোগ্যতা ও অংশগ্রহণের শর্ত যাচাই করে ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ঢাকার রাশিয়ান হাউস।