নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়ার পরিবেশে বিশেষ আলোচনা সম্পন্ন হয়।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
এছাড়া, দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রকে বহুমুখী করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়। আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় উঠে আসে।
বাংলাদেশ এবং পাকিস্তান উভয়ই ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর ও গতিশীল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকের শেষে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।