৮৫ দেশের ৮০০টির বেশি আবেদনের মধ্য থেকে বিজয়ী; সম্মাননা পেয়েছেন বাংলাদেশের আরও চার সাংবাদিক
রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত ‘৫ম রোসসোত্রুদনিচেস্তভো অনেস্ট ভিউ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’-এ ‘প্রফেশনাল ভিউ: জেনরে জার্নালিজম’ ক্যাটাগরিতে সেরা পুরস্কার জিতেছেন বাংলাদেশের সাংবাদিক ও শিক্ষাবিদ ড. মো. আবদুল কাবিল খান।
তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১০০ জন চূড়ান্ত মনোনীত সাংবাদিক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৮৫টি দেশ থেকে ৮০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১০০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। ছয়টি বিভাগে মোট ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এবারের আসরে বিজয়ীদের জন্য মোট ৭০ লাখ রুবল পুরস্কার বরাদ্দ ছিল।
আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশ থেকে পাঁচজন সাংবাদিক আমন্ত্রণ পান। কাবিল খানের সেরা পুরস্কার জয়ের পাশাপাশি সম্মাননা পুরস্কার অর্জন করেছেন দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, সময় টেলিভিশনের সহযোগী জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সাঈদ নিশান, দ্য শাটল টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক মাজহারুল ইসলাম মিচেল এবং রূপসী বাংলা ৭১-এর সম্পাদক গৌতম কুমার।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি আমন্ত্রিত সাংবাদিকদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ সফরের আয়োজন করে রাশিয়ান ফেডারেশন। এ সফরে অংশগ্রহণকারীদের রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাঁরা মস্কোর বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পান। এর মধ্য দিয়ে বিভিন্ন দেশের সাংবাদিকদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি হয়।
সফরে অংশগ্রহণকারী সাংবাদিকদের বিমানভাড়া, আবাসন, খাবার ও স্থানীয় যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করে রাশিয়ান ফেডারেশন।
আন্তর্জাতিক পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, সাংস্কৃতিক বিনিময় এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০২২ সাল থেকে রাশিয়ার ফেডারেল এজেন্সি রোসসোত্রুদনিচেস্তভো এ পুরস্কার আয়োজন করে আসছে। পাঁচ বছরের ধারাবাহিকতায় আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে এ আয়োজন পরিচিতি পেয়েছে।
মস্কোর এ আয়োজনে বাংলাদেশের সাংবাদিকদের অংশগ্রহণ ও পুরস্কার অর্জন আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে দেশের সাংবাদিকদের পেশাগত কাজ তুলে ধরার একটি সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রেও এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।