Favicon

আগামী ৮ বছরের মধ্যে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক: ST Report মে ১৭, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
আগামী ৮ বছরের মধ্যে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন । ছবি : বাসস
সরদার শাখাওয়াত হোসেন বকুল: ৮ বছরে সব প্রতিবন্ধী সরকারি ভাতার আওতায় আসবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আগামী ৮ বছরের মধ্যে বাংলাদেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না। 

তিনি বলেন, এ বছরের জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছেন, তাদের নাম তালিকাভুক্ত করে জমা দিতে হবে। সবাইকে ভাতা দেওয়া হবে। তবে এ জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। কেউ টাকা চাইলে আমাদের জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

আজ শনিবার বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া ওয়াদা অনুযায়ী আমরা তিনটি বিষয় নিশ্চিত করছি, যাতে মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং সন্তানদের সুশিক্ষা ও সঠিকভাবে লালন-পালন করতে পারে। সে কারণে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।’

তিনি বলেন, দেশে হাম রোগে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে এবং একসময় ওষুধের সংকটও ছিল। বর্তমানে নতুন ওষুধ আনা হয়েছে এবং নতুন কর্মসূচির মাধ্যমে শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘লেবার পেইনের ভয় দেখিয়ে একটি দালালচক্র অপ্রয়োজনীয় সিজারের মাধ্যমে নারীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। এ পরিস্থিতি মোকাবেলায় অচিরেই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাতে অপ্রয়োজনীয় সিজার বন্ধ করা যায় এবং নাগরিকদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৩৬৬ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।