Favicon

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বসতি উচ্ছেদ

প্রতিবেদক: ST Reporter জুন ১৫, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বসতি উচ্ছেদ
চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বসতি উচ্ছেদ
চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

মহানগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ বাসস্থান ও স্থাপনা অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, নগরীর সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের জায়গা দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অধিকাংশ অবৈধ বাসিন্দাকে সেখানে পাওয়া যায়নি। তবে উপস্থিত ব্যক্তিদের সরকারি জায়গা দখল করে পুনরায় বসতি স্থাপন না করার জন্য সতর্ক করা হয়।

চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্লাইওভারের নিচে অবৈধ দখল ও বসতি স্থাপনের কারণে নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং জনসাধারণের চলাচলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল। এসব সমস্যা নিরসনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।