Favicon

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রতিবেদক: ST Reporter জুন ২৩, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
File Photo
ঢাবির চার শিক্ষক ও তিন কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত

বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- বিশ^বিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. তাশরিক-ই-হাবিব।

অন্যদিকে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, রেজিস্ট্রারের ব্যক্তিগত শাখার ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা এবং রেজিস্ট্রার অফিসের প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার (বর্তমানে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে কর্মরত) মোছাম্মৎ শারমিন জাহান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে ওই শিক্ষক ও কর্মকর্তারা বিধি মোতাবেক জীবন ধারণ ভাতা পাবেন।