মানবিক সহায়তায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ, দুর্গতদের জন্য দোয়া ও বাংলাদেশের দ্রুত দুর্যোগমুক্তি কামনা
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে পাকিস্তানি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (PSAB)।
সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রাকৃতিক এই দুর্যোগে যাঁরা ঘরবাড়ি, জীবিকা ও সম্পদ হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন, তাঁদের জন্য সহজ পরিস্থিতি সৃষ্টি হোক এবং বাংলাদেশ দ্রুত এই সংকট কাটিয়ে উঠুক—এ কামনা করছে বাংলাদেশে অধ্যয়নরত পাকিস্তানি শিক্ষার্থীরা।
পাকিস্তানি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জানায়, এই কঠিন সময়ে তারা বাংলাদেশের জনগণের প্রতি গভীর ভ্রাতৃত্ববোধ, সংহতি ও মানবিক সমর্থন প্রকাশ করছে। বাংলাদেশের মানুষের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ-কষ্ট হিসেবে অনুভব করে সংগঠনটি মহান আল্লাহর কাছে দেশের সার্বিক নিরাপত্তা ও দুর্যোগমুক্তির জন্য প্রার্থনা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, মানবতা, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এ ধরনের দুর্যোগ সফলভাবে মোকাবিলা করা সম্ভব। প্রয়োজনে বাংলাদেশের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে পাকিস্তানি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (PSAB) প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
বিবৃতির শেষে সংগঠনটি মহান আল্লাহর কাছে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, কল্যাণ এবং সব ধরনের দুর্যোগ থেকে দেশের সুরক্ষা কামনা করে।