মঈন খানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী শুভেচ্ছা জানান।
আলোচনায় বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও তাঁরা মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় সরকার কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও সুদৃঢ় করাকে বাংলাদেশ ও ভারতের অভিন্ন অগ্রাধিকার হিসেবে তুলে ধরে।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যতে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে জনগণের পর্যায়ে যোগাযোগ আরও বাড়ানোর ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।