চূড়ায় ওড়ানো বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর, অভিযানের আলোকচিত্র প্রদর্শনী
ঢাকা, ৫ নভেম্বর: ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিলের সাফল্য উদযাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস। এ উপলক্ষে বাংলাদেশ ও রাশিয়ার মৈত্রী অভিযানের স্মরণে সংবাদ সম্মেলন, ফ্ল্যাগ-ইন অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর রাশিয়ান হাউসে ‘অ্যাশেস অ্যান্ড আইস: দ্য ডরম্যান্ট জায়ান্ট এক্সপেডিশন ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৬ সেপ্টেম্বর ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে আরোহণ করেন শাকিল। অনুষ্ঠানে তিনি অভিযানের অভিজ্ঞতা, প্রতিকূল আবহাওয়ায় চূড়ায় পৌঁছানোর চ্যালেঞ্জ এবং এই অর্জনের পেছনের নানা ঘটনা তুলে ধরেন।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা এনাম আল হক।
একটি বিশেষ উপস্থাপনা ও ভিডিওচিত্রের মাধ্যমে অভিযানের বিভিন্ন পর্যায় তুলে ধরেন শাকিল। তিনি জানান, প্রচণ্ড তুষারপাত, হাড়কাঁপানো ঠান্ডা বাতাস এবং প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করেই অভিযাত্রীরা সফলভাবে পর্বতশৃঙ্গে পৌঁছান। এ অভিযানে সার্বিক সহযোগিতা ও সমর্থনের জন্য ঢাকাস্থ রাশিয়ান হাউসের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাউন্ট এলব্রুসের চূড়ায় ওড়ানো বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর। বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে এ অর্জনকে স্মরণীয় করে রাখতে পতাকাটি বিশেষভাবে সংরক্ষণ করা হবে।
এ ছাড়া রাশিয়ান হাউসের গ্যালারিতে অভিযানের বিভিন্ন দুর্লভ ও স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। রাশিয়ান হাউসের পরিচালক অ্যালেক্সান্ড্রা এ. খ্লেভনয় অতিথি ও পর্বতারোহী শাকিলকে সঙ্গে নিয়ে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।
আয়োজকদের মতে, এই অভিযান শুধু একটি পর্বতশৃঙ্গ জয় নয়; এটি সাহস, অধ্যবসায়, অদম্য ইচ্ছাশক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে।