Favicon

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
Photo: Courtesy
১০ দেশের অংশগ্রহণে ঢাকায় পর্যটনের বড় আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশি-বিদেশি পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলা উপলক্ষে সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

আয়োজকেরা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণে এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। তিনটি হলে প্রায় ৩০০টি বুথে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, সরকারি-বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাস ও মিশন তাদের পর্যটন পণ্য ও সেবা তুলে ধরবে। থাকবে বিভিন্ন আকর্ষণীয় অফারও।

মেলার বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেজ’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’।

এ ছাড়া মেলায় বিটুবি সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, প্রোডাক্ট প্রমোশন ও নেটওয়ার্কিংয়ের আয়োজন থাকছে। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনাও হবে।

মহিউদ্দিন হেলাল বলেন, এশিয়ান ট্যুরিজম ফেয়ার দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সংযোগ তৈরি, পর্যটন পণ্যের প্রচার এবং বাংলাদেশে পর্যটন খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি মো. সামীমুজ্জামান বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে এ ধরনের আন্তর্জাতিক মেলা গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে এটিএফ বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ দেশ-বিদেশে তুলে ধরতে সহায়তা করবে।

তিনি বলেন, এশিয়ান ট্যুরিজম ফেয়ার ইতোমধ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

আয়োজকেরা জানান, এবারের মেলায় দেশের অঞ্চলভিত্তিক পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাওর পর্যটন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, নৌ পর্যটন, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজম ও পরিবেশ পর্যটন।

শিশু, শিক্ষার্থী, পর্যটন ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় মেলার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি পর্যটন খাতের নারী উদ্যোক্তা ও কমিউনিটি ট্যুরিজমের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

মেলার অংশীদার ও স্পনসর প্রতিষ্ঠানগুলো শীত মৌসুমের আগেই দর্শনার্থীদের জন্য বিভিন্ন ভ্রমণসেবা, প্যাকেজ ও ছাড়ের অফার তুলে ধরবে।

এবারের মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্লাটিনাম পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, কো-স্পনসর ছুটি গ্রুপ, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, ইনভেস্টমেন্ট পার্টনার ভাইয়া হোটেলস এবং অ্যাগ্রো ট্যুরিজম পার্টনার সুখের খামার।

এ ছাড়া কনভয় সার্ভিস ট্রান্সপোর্ট পার্টনার, এম৩৬০ আইসিটি পার্টনার, দ্য ট্রাভেল বাউন্ড অফিসিয়াল পাবলিকেশন, ঢাকা ডিনার ক্রুজ ক্রুজ পার্টনার এবং এনআরবি ভিস্তা লিমিটেড অফিসিয়াল ট্রাভেল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

আয়োজকেরা জানান, আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় আইসিসিবিতে মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিব গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর।

মেলায় দর্শনার্থীদের প্রবেশমূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের মাধ্যমে র‌্যাফেল ড্রতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। বিজয়ীদের জন্য এয়ার টিকিটসহ দেশ-বিদেশ ভ্রমণের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও গিফট ভাউচার থাকবে।

সংবাদ সম্মেলন থেকে আয়োজকেরা দেশ-বিদেশের ভ্রমণপ্রেমী এবং গণমাধ্যমকর্মীদের মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।